তারকায় ঠাসা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে ভীষণভাবে ধুঁকছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার আশা শেষ তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে। এমন বিবর্ণ পারফরম্যান্স নিয়ে হতাশ কোচ পেপ গার্দিওলা। দলের জন্য সেরাটা দিতে পারছেন না বলেও মনে করছেন স্পেনিয়ার্ড কোচ।
এফএ কাপে কোয়ার্টার ফাইনালে রোববার বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে মাঠের লড়াই। প্রতিযোগিতায় অষ্টমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামার আগে গার্দিওলার কাছে প্রশ্ন যায় পারফরম্যান্স নিয়ে।
৫৪ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘এই মৌসুমে? সত্যিই খারাপ। আমার দায়িত্ব ছিল পরিস্থিতি থেকে অনেক ভালোভাবে বেরিয়ে আসা, কিন্তু সেটি পারিনি।’
‘অবশ্যই এফএ কাপের ফাইনালে ওঠা এবং এটি জেতার দিকেই লক্ষ্য থাকবে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার দিকেও মনোযোগ থাকবে। তবে শিরোপা (এফএ কাপ) জেতা হবে দুর্দান্ত একটি অর্জন। কিন্তু সবমিলিয়ে এবারের মৌসুমটি ছিল খুবই বাজে এবং এটি পরিবর্তন হবে না। আমাদের খেলার মান এবং অনেককিছুই ভালো হয়নি, এটাই বাস্তবতা। আশা করি পরের মৌসুমে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’







