ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিনে যেন দুই ভিন্ন রূপে দেখা গেল ম্যানচেস্টার সিটিকে। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখেছিল দলটি, তবে বিরতির পর পুরোপুরি ছন্দ হারিয়ে বসে পেপ গার্দিওলার দল। শেষপর্যন্ত বিদায়ী ম্যাচে জয় পাওয়া হলো না কোচ গার্দিওলা ও দুই অভিজ্ঞ ফুটবলার বের্নার্দো সিলভা ও জন স্টোনসের।
রোববার রাতে লিগের শেষ রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। ২৩ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন অ্যান্টোয়ান সেমেনিও। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগও পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু শেষ মুহূর্তের ব্যর্থতায় তা আর সম্ভব হয়নি।
বিরতির পর ম্যাচের চিত্র পুরো বদলে যায়। প্রথমার্ধে আক্রমণে নিষ্প্রভ থাকা ভিলা দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে। ৪৭ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে বল জন স্টোনসের মাথা ছুঁয়ে অলি ওয়াটকিন্সের কাছে গেলে কাছ থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড।
৫৯ মিনিটে আবেগঘন এক মুহূর্তের জন্ম হয়। দর্শকদের দাঁড়িয়ে করতালি ও সতীর্থদের গার্ড অব অনারের মধ্য দিয়ে মাঠ ছাড়েন বের্নার্দো সিলভা। দীর্ঘ সময়ের সঙ্গ শেষ হওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ডাগআউটে থাকা গার্দিওলার চোখেও দেখা যায় বিদায়ের অনুভূতি।
দুই মিনিট পরই ভিলাকে এগিয়ে দেন ওয়াটকিন্স। অফসাইড ট্র্যাপ ভেঙে দারুণ গতিতে এগিয়ে গিয়ে স্টোনসকে কাটিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি। ৭৮ মিনিটে আরেকটি আবেগঘন দৃশ্য- সিটির হয়ে বহু সাফল্যের অংশ হওয়া জন স্টোনসও মাঠ ছাড়েন করতালির মধ্য দিয়ে। ইতিহাদে তার অধ্যায়েরও সমাপ্তি ঘটে এই ম্যাচেই।
শেষ দিকে ফিল ফোডেন বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ভিএআর সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষও দেখা যায়।
মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করল ম্যানচেস্টার সিটি। আর হার দিয়েই শেষ হলো গার্দিওলার স্মরণীয় এক অধ্যায়।








