অর্থনীতি

‘বাংলাদেশেও বিনিয়োগ করুন’ সৌদি পিআইএফকে গভর্নর

বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনায় একজন বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ‘সৌদি আরব–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ ও সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

গভর্নর বলেন, “আমি লক্ষ্য করেছি পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। কিন্তু এখনো তারা বাংলাদেশে বিনিয়োগ করেনি। আমার অনুরোধ, সৌদি সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীরা যেন বাংলাদেশেও বিনিয়োগের সুযোগ বিবেচনা করেন।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। শ্রম, বাণিজ্য ও বিনিয়োগ- এই তিন ক্ষেত্রে দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক।

ড. মনসুর উল্লেখ করেন, “বাংলাদেশ একটি স্থিতিস্থাপক ও দ্রুতবর্ধনশীল অর্থনীতি, যা তিন দশক ধরে নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।”

তিনি বলেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করা সম্ভব।

“বাংলাদেশের জ্বালানি ও মূলধনের চাহিদা রয়েছে, আর সৌদি আরবের রয়েছে এ দুই খাতেই বিপুল সক্ষমতা,” বলে মন্তব্য করেন গভার্নর।

তিনি আরও জানান, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের জন্য সৌদি আরব বাংলাদেশি রপ্তানির বড় সম্ভাবনাময় বাজার হতে পারে।

এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ড. মনসুর আশা প্রকাশ করেন, নবগঠিত এসএবিসিসিআই দুই দেশের মধ্যে বিজনেস টু বিজনেস (B2B) এবং ইনভেস্টর টু ইনভেস্টর (I2I) সম্পর্ক আরও সুদৃঢ় করতে সেতুবন্ধনের ভূমিকা রাখবে।

বিষয়:গভর্নর ড. আহসান এইচ মনসুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…