চলতি মাসে টানা চতুর্থ দফায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। যা একদিন আগেই এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা ছিল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১২ নভেম্বর ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫১৯ টাকা কমানো হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১০ হাজার ৬১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯০ হাজার ২৩৩ টাকায় বিক্রি করা হবে।
সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।








