টানা চার দফা কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামের ফলে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম আবার দুই লাখ টাকা অতিক্রম করেছে।
আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে বুধবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি এখন বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারেরও বেশি।
এর আগে চলতি মাসের ২০ অক্টোবর স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। এরপর টানা চার দফায় দাম কমে দাঁড়ায় এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। একদিনের ব্যবধানেই আবারও দাম বৃদ্ধির ঘোষণা দিলো বাজুস।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।








