ব্যাট হাতে আহামরি কিছু করতে পারেননি লিটন দাস। ১৩ বলে ২ চারে ১০ রানে করেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। যদিও তার দল সারে জাগুয়ার্স পেয়েছে ৮ উইকেটের বড় জয়।
ব্রাম্পটনে বুধবার হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা মিসিসাগা প্যান্থার্স ১৪.৩ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট হয়। জবাবে ৯ ওভারেই জাগুয়ার্স ২ উইকেট হারিয়ে ৫৯ রান করে সহজ জয় পায়।
মিসিসাগার মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে ব্যক্তিগত রানকে নিতে পারেন। সর্বোচ্চ ১৭ রান করেন শ্রেয়াস মোভভা। রানের খাতা না খুলে ফেরেন চারজন।
৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নিয়ে জাগুয়ার্সের সফলতম বোলার ছিলেন নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে। ম্যাথু ফোর্ড ৮ রানে নেন ২টি। ইফতিখার আহমেদও ১৩ রান দিয়ে ২টি উইকেট পান।
রান তাড়ায় ২৩ বলে ৬ চার ও এক ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন মোহাম্মাদ হারিস। তার সঙ্গে ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক ইফতিখার আহমেদ।








