বাংলাদেশ

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে শিশু দুজনের গাড়ি উপহার গ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীর রায়পুরায় প্রতিবন্ধী দিদির জন্য হুইলচেয়ার চাইতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ছুটে আসা শিশু তুলি পালকে হুইলচেয়ার ও নতুন জামা দিয়েছেন ইউএনও মো. মাসুদ রানা। তুলির সঙ্গে আসা আরেক শিশুকেও নতুন জামা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে ইউএনও জানান, তুলি পাল কারও কাছে শুনেছিল ইউএনও কার্যালয়ে হুইলচেয়ার পাওয়া যায়। এরপর খালি গায়ে হন্তদন্ত হয়ে প্রতিবন্ধী দিদির জন্য হুইলচেয়ার চাইতে তার কাছে চলে আসে। সেখানে গিয়ে তুলি বলে, ‘আমার দিদির জন্য গাড়ি দেন।’

কথোপকথনের সময় ইউএনও জানতে পারেন, তুলির মা নেই এবং তার দিদি হাঁটতে পারেন না। বিষয়টি জানার পর তুলির সঙ্গে থাকা কৃষ্ণ নামের আরেক শিশুসহ দুজনের জন্য নতুন জামা কিনে দেন তিনি।

এরপর নতুন জামা পরে দিদির জন্য হুইলচেয়ার নিয়ে বাড়ি ফিরে তুলি। তাদের বাড়ি রায়পুরা পৌরসভার হরিপুর এলাকায়। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা রিকশায় করে শিশুদের বাড়িতে পৌঁছে দেন।

ইউএনও মো. মাসুদ রানা তার পোস্টে লিখেছেন, নতুন জামা ও দিদির জন্য হুইলচেয়ার পেয়ে তুলির ‘মায়াভরা হাসি’ কোনোদিন ভোলা যাবে না। তুলির জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘ভালো থাকুক তুলিরা।’

বিষয়:ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা নরসিংদীর রায়পুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…