শুধু টাইগার নয়, অভিযুক্তদের নিশানায় ছিলেন রণবীরও!

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত বলিউড। ঘটনার পর একাধিক বলিউড তারকা নিজেদের নিরাপত্তা বাড়িয়েছেন বলে খবর। এরই মাঝে সূত্রের খবর, শুধু টাইগারই নন, অভিযুক্তেরা নাকি রণবীর কাপুরের বাড়িতেও নজরদারি চালিয়েছিলেন।
মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়ির ‘রেকি’ করা হয়েছিল বলে অভিযোগ। আর এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন ‘রামায়ণ’ অভিনেতার অনুরাগীরা। ছবির প্রচারে ব্যস্ত রণবীরের নিরাপত্তা আরও জোড়ালো করার দাবি তুলেছেন তারা।
এক অনুরাগী সমাজমাধ্যমে লিখেছেন, “এই মুহূর্তে আর কোন প্রচার বা জনসমক্ষে উপস্থিতির প্রয়োজন নেই। উনার নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ! দয়া করে উনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করুন।”
আর এক অনুরাগী চেন্নাইয়ে ‘রামায়ণ’-এর অনুষ্ঠানের একটি ভিডিও ভাগ করে লিখেছেন, “গত তিন-চার দিন ধরে আরকে-কে উদ্বিগ্ন ও অস্বস্তিতে থাকতে দেখা যাচ্ছে। সেটা উনার চোখেমুখে স্পষ্ট। মুম্বাই পুলিশ নিশ্চয়ই উনাকে এই ঘটনা বিস্তারিত জানিয়েছে। আলিয়া, রাহা এবং মায়ের নিরাপত্তা নিয়ে উনার চিন্তা হওয়াই স্বাভাবিক। আর প্রচারের দরকার নেই, আরকে। পরিবারের সঙ্গে থাকুন!” প্রসঙ্গত, রণবীরকে অনুরাগীরা ভালবেসে আরকে বলেও ডাকেন।
আর এক নেটাগরিকের কথায়, “কেন সব সময় ভাল মানুষগুলোর সঙ্গেই এমন হয়? রণবীরের প্রাপ্য সুখ আর শান্তি। আতঙ্ক নয়। প্রচারের কথা ভুলে যান, উনার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রার্থনা করি, উনি যেন নিরাপদে থাকেন।” ‘রামায়ণ’-এর প্রচারে সম্প্রতি একের পর এক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রণবীর। হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের মতো শহরে ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে রণবীরের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যশ এবং সাই পল্লবী। চলতি বছরের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি পাওয়ার কথা।






