বিনোদন

আসছে বছর মুখোমুখি হচ্ছে ‘স্পিরিট’ ও ‘রামায়ণ পার্ট ২’

আসছে বছর মুখোমুখি হচ্ছে ‘স্পিরিট’ ও ‘রামায়ণ পার্ট ২’

২০২৭ সালের দীপাবলিতে বক্স অফিসে মুখোমুখি হতে পারে প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ২’।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ আগামী ২৯ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ঘোষণা করেছেন নির্মাতা।

অন্যদিকে, ‘রামায়ণ পার্ট ২’-ও একই উৎসবের মৌসুমে মুক্তির পরিকল্পনা রয়েছে। ফলে দুই বড় বাজেটের সিনেমার মধ্যে সম্ভাব্য বক্স অফিস লড়াই নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও পিছিয়ে দেওয়া হয় ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ নিশ্চিত করেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

এর আগে গত শনিবার প্রভাসের ভক্তদের উদ্দেশে এক পোস্টে তিনি নতুন পোস্টার প্রকাশের ইঙ্গিত দেন। পোস্টারে সানগ্লাস পরা প্রভাসকে দেখা যাবে বলেও জানান তিনি। পরে ২৯ অক্টোবর ২০২৭-কে সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করেন নির্মাতা।

প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত ‘স্পিরিট’-এ আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়, কাঞ্চনা ও ঐশ্বর্য দেশাই।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’-এর পর এটি সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত প্রথম সিনেমা। ‘অ্যানিম্যাল’-এ অভিনয় করেছিলেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা।

টি-সিরিজ ও ভদ্রকালী পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘স্পিরিট’। সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা, কৃষ্ণ কুমার ও প্রভাকর রেড্ডি ভাঙ্গা।

অন্যদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ পার্ট ২’-এ ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। মহাকাব্যনির্ভর এই সিনেমার দ্বিতীয় পার্ট ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাতারা এখনো এর নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করেননি।

‘রামায়ণ’ সিরিজের প্রথম পার্ট ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দুই সিনেমার মুক্তির সময় কাছাকাছি হওয়ায় দর্শকদের আগ্রহের পাশাপাশি বক্স অফিসে প্রতিযোগিতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে ‘রামায়ণ পার্ট ২’-এর চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত দুই সিনেমার সরাসরি সংঘাত নিশ্চিত করে বলা যাচ্ছে না। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:দীপাবলি নীতেশ তিওয়ারি প্রভাস বলিউড রণবীর কাপুর রামায়ণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…