গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মিম আক্তার (১৯) ও পরশ প্রধান (২১) নামের এক যুবক একসঙ্গে বিষপান করেন। এতে মিম আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়লেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন পরশ প্রধান। তাদের দুজনের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়। পরশ প্রধান রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।
মিম আক্তার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরেও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। কিছুদিন আগে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে দুজনই বিষপান করেন। এসময় স্বজনরা টের পেয়ে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে রোববার সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


