অপরাজিত থেকে লিগ শিরোপা জেতার পর উয়েফা ইউরোপা লিগের ফাইনালে আটলান্টার বিপক্ষে হেরেছিল বেয়ার লেভারকুসেন। জাভি আলোনসোর শিষ্যরা পরে আর ভুল করেননি, জার্মান কাপে কেইজার স্লাটার্নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে। তাতে ঘরোয়ায় প্রথমবার ডাবল জয়ের স্বাদ পেয়েছে দলটি।
প্রথম ডাবল জয়ের পর স্পেনিয়ার্ড কোচ জাভি আলোনসো বলেছেন, ‘শেষপর্যন্ত এভাবে জেতার অর্থ হল আমরা ইতিবাচক মনোভাব দেখিয়েছি, আমরা ক্লাবের হয়ে সমর্থকদের জন্য লড়াই করেছি। ডাবল জেতা অনেক বড় সাফল্য। ভবিষ্যতে আমরা এটা মনে রাখব।’
‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দলের উপর বিশ্বাস রাখা। তারা ১০ জনের দল নিয়ে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত ছিল এবং তার জন্য আমি গর্বিত। এ মৌসুমে যা ঘটেছে তা গ্রহণ করতে আমার সময় লাগবে। স্বপ্নের মতো একটি মৌসুম ছিল এবং একেবারে শেষদিনে এমন বিশেষ কিছু।’
জার্মানির দ্বিতীয় লিগের দল কেইজার স্লাটার্ন প্রথম থেকে আক্রমণ শুরু করেছে। পিছিয়ে থাকেনি লেভারকুসেনও। ১৭ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে বুলেট গতির শট নেন গ্রানিত জাকা। সুইজারল্যান্ড তারকার ওই শটই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
প্রথমার্ধে ম্যাচে ফেরার সুযোগ কাজে লাগাতে পারত কেইজার। ৪৪ মিনিটে লেভারকুসেনের ওডিলন কোসোউনোকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। ১০ জনের চাপ ফাইনালে ভালোই সামলেছে জার্মানির নতুন চ্যাম্পিয়ন বাহিনী।







