চট্টগ্রামে বাংলাদেশের বোলারদের দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ৬৯ রানে এইডেন মার্করামকে ফেরালেও চা বিরতি পর্যন্ত আর কোনো উইকেট শিকার করতে পারেননি টাইগার বোলাররা। স্টাবসের সাথে শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন টনি ডি জর্জি। বড় সংগ্রহের পথে এগোচ্ছে প্রোটিয়াবাহিনী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভারে ১ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। ১০১ রান করে ক্রিজে আছেন জর্জি, আর স্ত্রিস্তান স্টাবসের ব্যাট থেকে এসেছে ৬৫ রান।
চট্টগ্রামে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক মার্করাম। দিনের শুরু থেকেই চড়াও হতে দেখা যায় সাউথ আফ্রিকার টপঅর্ডারকে।
উদ্বোধনী জুটিতে মার্করাম-জর্জি ৬৯ রান তুলে ফেলার পর প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ১৮তম ওভারের প্রথম বল, সাউথ আফ্রিকা অধিনায়ক মার্করাম তুলে মারতে গিয়েছিলেন তাইজুলের বলে, মিডঅনে মুমিনুলের তালুবন্দি হন। ৫৫ বলে ৩৩ করে ফিরে যান।
তিনে নামা স্টাবসকে নিয়ে শতরানের জুটি গড়েছেন জর্জি। পথে আট টেস্টের ছোট্ট ক্যারিয়ারে জর্জি তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। ১৪৬ বলে ৮ চার ও ২ ছক্কায় সাজানো শতরানের ইনিংস তার।








