বাংলাদেশ

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

ছবি: সংগৃহীত

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৫ জনকে উত্তীর্ণ করেছে। তাদের মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনের বিষয়টি প্রজ্ঞাপনের জন্য থাকে। কয়েক ধাপে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি বলেন, ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপনে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও সঙ্গে বৈষম্য করা হয়নি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখা হচ্ছে।

একজন প্রার্থী আত্মহত্যার হুমকি দিয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য। তবে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।

বাদ পড়া ৪৬ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসির সুপারিশ পাওয়ার পর আগামী সোমবার তাদের গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিষ্টির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানীর হকার উচ্ছেদ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকারদের শৃঙ্খলার মধ্যে আসতে হবে। নাগরিকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, কাউকে বেকার করার উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। অপরাধকে অপরাধ হিসেবেই দেখা হচ্ছে। যেখানেই অপরাধ হবে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:৪৬ জন ৪৯তম বিসিএস গেজেট সোমবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…