তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এলএনজি সরবরাহকারী একটি ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় জাতীয় গ্রিডে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ কমে গেছে।
এর ফলে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বা চাপের তারতম্য অনুভূত হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।







