কেনিয়ায় একটি গ্য়াস রিফিলিং কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ।
রয়টার্স জানিয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি কারখানায় মধ্যরাতে ছড়িয়ে পড়া এই আগুন গতকাল স্থানীয় সময় শুক্রবার সকালে নিয়ন্ত্রণে আসে।
পুলিশ কমিশনার অ্যাডামসন বুনগেই জানিয়েছেন, অন্ততপক্ষে ১৬৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, আহতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে।
কেনিয়ায় এই কারখানায় গ্যাস সিলিন্ডারে তখন গ্যাস রিফিলের কাজ চলছিল, সেই সময় আগুন লেগে একটি সিলিন্ডার ভর্তি ট্রাক বিস্ফোরণ হয়। তবে কেন আগুন লাগলো তা জানা যায়নি।
বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিকটবর্তী একটি টেক্সটাইল ও পোশাকের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকটি গাড়ি, বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ৩ জনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক আছেন। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে।








