আগামীকাল শুক্রবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ একাধিক দাবি নিয়ে তাদের এই আন্দোলন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ১৬ নভেম্বর গার্মেন্টস শ্রমিক সংহতি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, বাবুল হোসেনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সকল শ্রমিক ও শ্রমিকনেতার বিরূদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার-গুলি-নির্যাতন বন্ধ, ২৫ হাজার টাকা মজুরি ও ঘোষিত মজুরি পুনর্বিবেচনার দাবিতে আমাদের এই প্রতিবাদ।
সভায় বক্তব্য রাখবেন, কেন্দ্রীয় সভাপ্রধান তাস্লিমা আখতার, সহ-সভাপ্রধান অঞ্জন রায়, কেন্দ্রীয় নেতা জিয়াদুল ইসলাম, রূপালী আক্তার, হযরত বিল্লাল, মো. হাবীব, লিজা আক্তার ও অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবুল হোসেনকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার আটকের পর বুধবার বিকেলে গাড়ি পোড়ানোর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আদালত ৫ দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করে। বাবুল হোসেন এদিন সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন।
২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের অন্যতম নেতা বাবুল হোসেন। সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সাথে এবং গাজীপুরের কর্মীদের সাথে দেখা করার উদ্দেশে আশুলিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সন্ধ্যায় সর্বশেষ ফোনে কথা হলে তখন তিনি একটি বাসে উঠেছেন। এরপর থেকে তার পরিবার ও সংগঠনের কেউ আর তার সাথে যোগাযোগ করতে পারেননি।
পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিছুদিন আগে মোগরখাল এলাকায় শ্রমিকেরা একটি গাড়ি পোড়ান। ওই ঘটনায় বাসন থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অথচ ৩০ অক্টোবর বাবুল হোসেন গাজীপুরে ছিলেন না। মজুরি আন্দোলনে নেতৃত্ব দেবার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আগামীকালের প্রতিবাদ শেষে গার্মেন্টস শ্রমিক সংহতি ১১ সংগঠনের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের প্রতিবাদে যোগ দেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।








