বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা, যা আগে ছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ১৮ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের বিষয়ে কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ মার্চ ফার্নেস অয়েলের দাম যৌক্তিকভাবে সমন্বয়ের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১২ এপ্রিলও এক দফায় ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। ফলে মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এ জ্বালানির দাম বাড়ানো হলো।








