প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে দৌঁড়ে দারুণভাবেই এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে উড়িয়ে এবার শীর্ষে উঠে গেল পেপ গার্দিওলার দল। ৪-০ গোলের বড় জয়ে আর্সেনালকে দুইয়ে ঠেলে শিরোপা নিয়ন্ত্রণের পাল্লাটা নিজেদের দিকে করে নিল সিটিজেনরা।
শনিবার প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে সিটি। জোড়া গোল করেছেন ইওস্কো গাভার্দিওল। ফিল ফোডেন এবং জুলিয়ান আলভারেজ করেছেন একটি করে গোল। জয়ে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট শীর্ষে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে সমান ম্যাচ খেলা আর্সেনাল ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে। সিটির এই জয়ে লিভারপুলের যা একটু আশা ছিল, তাও শেষ হয়ে গেল। ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা।
ক্যারাভেন কটেজে ১৩ মিনিটে সিটিকে লিড এনে দেন গাভার্দিওল। ডি ব্রুইনার ফিরতি পাসে ফুলহ্যামের জালে বল পাঠান সিটি ডিফেন্ডার। ১-০ গোলে লিড নিয়েই বিরতিতে যায় সিটি। বিরতির পর ৫৯ মিনিটে সিটিজেনদের দ্বিতীয় গোলটি এনে দেন ফোডেন। বের্নাদো সিলভার পাসে লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার।
৭১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সিটি। এবারও গোলের নেপথ্যে সিলভা। ডান দিক থেকে পোস্টে বল শট করেন পর্তুগিজ মিডফিল্ডার। সবাইকে ফাঁকি দিয়ে বল চলেই যাচ্ছিল বাইরে, শেষমুহূর্তে পা বাড়িয়ে বল জালে পাঠান গাভার্দিওল।
৮২ মিনিটে হালান্ডকে তুলে আলভারেজকে নামান গার্দিওলা। যোগকরা সময়ের সপ্তম মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হন আর্জেন্টাইন তারকা। পেনাল্টি পায় সিটি। স্পট কিকে চতুর্থ গোলটি করেন ২৪ বর্ষী বিশ্বজয়ী ফরোয়ার্ড।







