বীর মুক্তিযোদ্ধা ড. নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তবে সংগঠনটির দেওয়া অপর এক তথ্য অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স ৮১ বছর ছিল।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
প্রয়াত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে আনা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ সেখানে রাখা হয়। সে সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।
পরে তার মরদেহ নেওয়া হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরের গ্রামের বাড়িতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এরপর তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ড. নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সংগঠনটির কার্যক্রমে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। পরে সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি যুক্ত ছিলেন।
ড. নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী মনিকা ভৌমিক আগেই মারা গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশিস কুমার বিশ্বাস সাধন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।






