জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও অষ্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স।
সোমবার ২২ সেপ্টেম্বর সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা। যেখানে গাজা যুদ্ধের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে একটি বৈঠক আয়োজন করা হচ্ছে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেয়ার পর, প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবেনা বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।
আর এই পদক্ষেপকে “সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার” হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।








