সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নেন। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।







