পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পরিবার জানায়, গত তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
পারভেজ মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে পরিবারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে গণমাধ্যমের খবর অস্বীকার করেছে তার পরিবার। তাদের দাবি, তিনি ভেন্টিলেটরে নেই। তার অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন।
শারীরিক জটিলতার সমাধান সম্ভব নয় জানিয়ে পরিবারটি লিখে, তার অঙ্গগুলো অকার্যকর হয়ে রয়েছে। তার দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের জন্য প্রার্থনা করুন।
পারভেজ মোশাররফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগের মধ্যেই মোশাররফ গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। সেখানে তিনি অ্যামাইলয়েডোসিসের জন্য চিকিৎসা নিচ্ছেন।
এ রোগটি সংযোগকারী টিস্যু এবং অঙ্গগুলোকে প্রভাবিত করে শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়। জেনারেল মোশাররফ ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছ থেকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন।








