আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের আগুনে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

প্রাণহানি ঘটেছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর, আহত অবস্থায় পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এতে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মারা গেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা তাকে তাদের বাড়িতে আটকে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর তিনি মারা যান।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজ্যের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাদের বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, মিসেস চিত্রকরকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান।

জানা যায়, দেশটিতে তরুণদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। তবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও এখনো ক্ষোভ প্রশমণের কোন লক্ষ্মণ দেখা যায়নি দেশটিতে। নেপাল জুড়ে বিভিন্ন জায়গায় সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে বিক্ষোভকারীরা। ভক্তপুরের বালাকোটে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মার বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

এর আগে, সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পাশাপাশি দুর্নীতি মোকাবিলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন হাজার হাজার তরুণ-তরুণী। তারা সোমবার রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে জোর করে প্রবেশ করার চেষ্টা চালায় এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়।

নেপালের ত্রিভুব আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…