নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন।
আজ (২৫ ডিসেম্বর) বুধবার মধ্যরাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় থানার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে মোবাইলে কথাকাটাকাটি হয়।
তিনি বলেন, এর জের ধরে রাত ২টার দিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে। স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোটা নিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রাস্তায় লুটিয়ে পড়ে পাভেল।
তিনি আরও বলেন, মুমূর্ষু অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে পাভেলের নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।







