মামলা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর। ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে গেলে কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গাড়িতে হামলার ঘটনায় তার গাড়িটি ধ্বংস হয়ে গেছে। এতে শাহজাহান ওমরও আহত হন।
উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠিত হবার আগে বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান ওমর। পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে তিনি ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেন।
খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর।








