নানা অনিয়ম দুর্নীতিসহ আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ডিবি। দুদক প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে তাকে।
সংস্থাটির ডিজি জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদে আদালতে ৫ থেকে ১০ দিনের রিমান্ড চাইবে দুদক। গত ২ জানুয়ারি ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে দুদকের মামলায় মিরপুর-১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় মাসুদ বিশ্বাসকে।
গ্রেপ্তারের বিষয়ে দুদকের বিশেষ তদন্ত সেলের মহাপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, দুদকের অনুসন্ধানে ঢাকার বিভিন্ন জায়গায় মাসুদ বিশ্বাসের নামে জমি ও ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। তদন্তে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিজি।
তিনি বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর গতবছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের একটি দলকে এই অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।
একইসাথে মাসুদ বিশ্বাসের বিদেশযাত্রা ঠেকাতে ৩ অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি পাঠায় দুদক।







