বাংলাদেশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের (৭২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া শুক্রবার রাতে বলেন, গতকাল সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনটির ভেতরে প্রবেশ করেন।

বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিড়ির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ইয়াছিন মিয়া জানান, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোশাররফ হোসেন বারবার ওপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পথ খুজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বেজমেন্ট-১-এর ফাকা জায়গা থেকে নিচে বেজমেন্ট-৩-এর মেঝেতে পড়ে গিয়ে আহত হন। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা ময়নাতদন্তে রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তার স্ত্রী আগেই মারা গেছেন। বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।

মোশাররফ হোসেন রাজধানীর বনানীর ৫ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভুনা গ্রামে।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রক্তাক্ত অবস্থায় উদ্ধার রমনা থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…