বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেইসাথে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়েও নানা তথ্য উপস্থাপন করেন।
রবিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার ৭২ ভাগ জনগণ মনে করে আমেরিকার ডেমোক্রেসি খুব দুর্বল। আর দেশটির রিপাবলিকান পার্টির ৭৭ ভাগ মনে করে যে, গত প্রেসিডেন্সি ইলেকশন ছিল ফ্রড ইলেকশন এবং দে হ্যাভ স্টোলেন দ্য ইলেকশন। এইরকম তাদের মন-মানসিকতা। আমাদের দেশেও কিছু লোক এই ধরনের আছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছেন। এবিষয়ে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে কোন সমস্যা নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আমরা অ্যালাউ করবো। আমাদের গোপন করার কিছুই নেই।
মার্কিন নির্বাচন বিষয়ে ড. মোমেন বলেন, ওই দেশে অ্যাভারেজ কতজন লোক ভোট দেয়? অর্ধেকের নিচে ভোট পড়ে। আর আমাদের দেশে ৭২, ৮০, ৯০ পার্সেন্ট লোকে ভোট দেয়। আমাদের দেশে ইলেকশন অংশগ্রহণমূলক হয়, স্বতঃস্ফূর্ত হয়। ওইসব দেশে ইলেকশনের এক মাস আগে ক্যাম্পেইন শুরু হয়, আমাদের এক বছর আগেই শুরু হয়ে যায়।







