শিশুদের ইরানি পরিচিতি তৈরি হচ্ছে’- এই বার্তা দিয়ে সম্প্রতি ইরানের প্রাইমারি স্কুলগুলোতে নিষিদ্ধ হচ্ছে বিদেশি ভাষার পাঠ। ২০১৮ সালে ইরানের প্রাইমারি স্কুল থেকে নিষিদ্ধ হয়েছে ইংরেজি ভাষার পাঠ। তবে এবার নিষিদ্ধ হচ্ছে আরবীসহ অন্যান্য বিদেশি ভাষাও। যদিও দেশটির সেকেন্ডারি স্কুলগুলোতে ইংরেজি পড়ানো হচ্ছে।
আরব নিউজ জানিয়েছে, গতকাল (১৭ অক্টোবর) মঙ্গলবার ইরানের প্রাইমারি স্কুলগুলোতে সব ধরণের বিদেশি ভাষার পাঠ নিষিদ্ধ করে নতুন পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষাদান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যমগুলো। এর আগে ইরানের কিন্ডারগার্ডেন ও প্রাইমারি স্কুলে এবার থেকে বিদেশি ভাষার শিক্ষা নিষিদ্ধ করে দেওয়ার ঘোষণা করে দেশটির সরকার।
ইরানের শিক্ষামন্ত্রী মাসুদ তেহরানি ফারজাদ বলছেন, কিন্ডারগার্ডেন, নার্সারি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি ভাষা শেখানো নিষিদ্ধ করার কারণ, এই বয়সে শিশুর ইরানি সত্ত্বার বিকাশ করা। বিদেশি ভাষা শিক্ষার ওপর নিষেধাজ্ঞা শুধুমাত্র ইংরেজিতে নয়, আরবিসহ অন্যান্য ভাষাগুলোতেও রয়েছে।
ফার্সি ইরানের প্রধান এবং সরকারি ভাষা। তিনটি ভাষা পরিবার ইন্দো-ইউরোপীয়, আলতাইক এবং আফ্রো-এশিয়াটিক-এর বেশ কয়েকটি ভাষা দেশটির কথ্য ভাষা। প্রায় তিন-চতুর্থাংশ ইরানি ইন্দো-ইউরোপীয় ভাষায় কথা বলেন।








