প্রতিপক্ষের সঙ্গে শক্তি ও সামর্থ্যের ব্যবধান থাকলেও সবাইকে দর্শকদের কোচ ও ফুটবলাররা আশার বাণী শুনিয়েছিলেন । মাঠের লড়াইয়ে অবশ্য হয়নি তার প্রতিফলন। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে উড়ে গেছে লাল-সবুজের দল। আত্মবিশ্লেষণ এবং উন্নতির মাধ্যমে হোম ম্যাচে লড়াইয়ের আশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত ২টার দিকে জামাল ভূঁইয়ার দলকে বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। এরপর সকলে টিম হোটেলের পথে রওনা দেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৬ মার্চ ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে খেলা। ভুল থেকে শিক্ষা নিয়ে হোম ম্যাচের দিকেই নজর রাখতে চাইছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। কুয়েতে হওয়া অ্যাওয়ে ম্যাচের পর বলেছিলেন,‘আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’
বাংলাদেশের বর্তমানে ১৮৩তম অবস্থানে রয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রতিপক্ষ ফিলিস্তিনের অবস্থান ৯৭তম। র্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ঘরের মাঠের দর্শকদের সামনে ভালো ফুটবল উপহার দেয়ার চ্যালেঞ্জটা জামাল-তপুদের সামনে থাকছে।







