ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র কয়েকদিন, এখন দেশগুলোর গন্তব্য অনুশীলন ক্যাম্পে। এরমধ্যেই কানসাস সিটিতে ইংল্যান্ডের ক্যাম্পের কাছে ঘটেছে গোলাগুলির ঘটনায। ঘটনাস্থলে ৯ জন আহত হয়েছেন।
কানসাস সিটি পুলিশ নিশ্চিত করেছে, আহত ৯ জনের আঘাত প্রাণঘাতী নয়। আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত চলমান। এপর্যন্ত কোন সন্দেহভাজন আটক করা হয়নি।
ঘটনাটি ইংল্যান্ডের জন্য বরাদ্দ সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে ঘটেছে। বিশ্বকাপের সময় ইংল্যান্ডের বেস ক্যাম্প হিসেবে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্র এটি। ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে পৌঁছায়নি। বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ইংলিশরা।
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ঘটনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্বকাপের আগে গোলাগুলির ঘটনাটি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার উদ্বেগ আবারও বাড়িয়ে তুলেছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য, ২০২৫ সালে দেশটিতে ৪০০টিরও বেশি গণগুলিবর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ‘এল’ গ্রুপে লড়বে ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামার বিপক্ষে। ১৮ জুন বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে থ্রি লায়ন্স দল। ২৪ জুন ঘানা এবং ২৮ জুন পানামার মুখোমুখি হবে।







