পাঁচ গোলের বড় জয় নিয়ে চনমনে মেজাজেই রয়েছে ফিলিস্তিন। ঘরের মাঠে ইসরায়েলের সামরিক অভিযানের পরে নিজ দেশে মধ্যপ্রাচ্যের দেশটি খেলতে পারছে না। কুয়েতের নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশকে ধরাশায়ী করার পর এবার অ্যাওয়ে ম্যাচে যেকোনো মূল্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটির তিন পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য। তবে প্রতিপক্ষকে নিয়ে বিয়ে বেশ সমীহ প্রকাশ করেন ফিলিস্তিনের কোচ মাকরাম দাবৌব।
ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের আগের দিন সোমবার সফরকারী দল সেরে নিয়েছে অনুশীলন। এরপর বিকেলে সংবাদ সম্মেলনে হাজির হয়ে কথা বলেন দাবৌব। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হবে বলেই তিনি মনে করেন।
‘উন্নতির ধারায় থাকা বাংলাদেশের বিপক্ষে তাদের মাঠে খেলা সহজ নয়। এটা মোটেও সহজ ম্যাচ হবে না। কঠিন ম্যাচ হবে, কিন্তু এখানে আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি এবং আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পাওয়া ও পরের ধাপের পথে এগিয়ে যাওয়া।’
প্রথম লেগে ৫-০ গোলে বাংলাদেশকে উড়িয়ে দেয়ার পরেও সতর্ক অবস্থানেই থাকছেন ফিলিস্তিন কোচ। যদিও লক্ষ্য পূরণের প্রবল বাসনা নিয়ে তার দল মাঠে নামবে বলে সাফ জানান।
‘প্রতিটি দলকে আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশকেও শ্রদ্ধা করি। কিন্তু আমরাও এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। ম্যাচ যেকোনো দিকে মোড় নিতে পারে। তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত ও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে মনোযোগী থাকতে হবে। বাংলাদেশ উন্নতি করছে। এটা তাদের ঘরের মাঠ। তাই ম্যাচটা সহজ হবে না।’







