বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, পৃথিবীর অন্য যেকোন দেশে খাদ্যের অভাব হতে পারে কিন্তু বড় ধরনের কোন দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোন সংকটে পড়বে না। দেশে কোন হাহাকার নাই, আগামী দিনেও হাহাকার হবে না।
সোমবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবেনা এটা কখনোই হয় না। বিএনপি রেল লাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আবার ঘরে আগুন দিবে জীবন্ত মানুষ পুরে মারবে। আর এদিকে পুলিশ চুপ করে বসে থাকবে আমরাও চুপ করে বসে থাকবো তা তো হয়না। আপনারা জানেন, ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গিয়েছিল, আগামীদিনেও সেভাবেই যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।
সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার। কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।










