আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে না, ৩০০ আসনে ব্যালটে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন ঘোষণা করেছে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
সভা শেষে জানানো হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট হবে। আর সিটি কর্পোরেশনে ভোট হবে ইভিএমে এবং সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্য প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে। যেহেতু সবগুলো ইভিএমই মেরামত করতে হবে সে পরিমাণ অর্থ নির্বাচন কমিশনের কাছে নেই। এ ছাড়া এটি সময়সাপেক্ষ ব্যাপার।
সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে ২৭শে এপ্রিল মনোনয়নপত্র দাখিল এর শেষ দিন, ৩০ এপ্রিল যাচাই বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহার এর শেষ দিন, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশাল এর ভোট ১২ জুন। রাজশাহী ও সিলেট এর ভোট ২১ জুন।










