টাঙ্গাইলে ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগর এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ মিয়া বলেন, রাত ৩ টার দিকে আগুন লাগার খবর পেয়ে স্টেশনে যাই। পরে বিশ মিনিটের মধ্যে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও বলেন, ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিলো।
পুলিশ জানিয়েছে, রাত ৩ টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে। স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতায় বাইরে ছিল।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি বেশি পুড়ে গেছে। এছাড়া আরও একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।







