গাজীপুরে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

গাজীপুরে টেক্সটাইল মিলের গোডাউনে অগ্নিনির্বাপণ কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ (২ অক্টোবর) সোমবার ভোর রাত সাড়ে ৩টার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের একটি টিনশেড বাসায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
এরপর ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৪০ মিনিটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।






