টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার রাসায়নিক গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে টঙ্গী, উত্তরা, গাজীপুর, জয়দেবপুর, পূবাইলসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ইউনিটগুলো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে কাজ চলছিল। এসময় একটি ভবনের ৬ তলা থেকে আগুনের কালো ধোঁয়া উড়তে থাকে। আগুন দেখে কারখানার কর্মচারী ও কর্মকর্তারা দ্রুত বের হয়ে যায়। পরে কারখানার অগ্নিনির্বাপকের দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে।





