বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগের বারান্দায় এই ঘটনা ঘটে। এসময় আতঙ্কে হাসপাতালের অধিকাংশ রোগী এবং স্বজনদের ছোটাছুটি করতে দেখা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ওই বিভাগের একটি এসির কমপ্রেসার এবং কিছু বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।
এদিকে ঘটনার পিছনে কোন নাশকতা পরিকল্পনা ছিলো কিনা, তা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের এক রোগী জানান, আগুন নিভলেও ভয় এখনও মন থেকে যায়নি, আগুনের আতংকে রয়েছি। হাসপাতালে সুস্থ হতে এসেছি। সেখানেই যদি আগুন লাগে তাহলে যাবো কোথায়? তাই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে অধিক গুরুত্ব বিবেচনায় দু’টি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শকসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।








