গোপালগঞ্জ

গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল

গোপালগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল

গোপালগঞ্জ জেলা শহর, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার পর এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার পর গোপালগঞ্জ জেলা শহরের সরকারি জেলা স্কুলের প্রধান ফটকের সামনে, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর কলেজ গেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

অন্যদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলার ৪ নম্বর বান্ধাবাড়ী ইউনিয়নে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়:ককটেল বিস্ফোরণ ঢাকা-খুলনা মহাসড়ক দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট মশাল মিছিল মহাসড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…