দুই মহাদেশের শিরোপাজয়ী দলের মহারণকে নাম দেয়া হয়েছে ফিনালিস্সিমা। যার মূল অর্থ গ্র্যান্ড ফাইনাল। ২০২৫ সালে আবারো দেখা যাবে সেই রোমাঞ্চকর লড়াই। এবার মুখোমুখি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়নশিপের খেতাব জেতা স্পেন।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, আগামী বছর ফিনালিস্সিমা মাঠে গড়াবে। একাধিক বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনেও তথ্যটি এসেছে।
২০২২ সালের ১ জুন সবশেষ ফিনালিস্সিমা হয়েছিল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের গ্রীষ্ম মৌসুমে জুন অথবা জুলাইয়ে পরবর্তী সংস্করণ মাঠে গড়াবে।
কনমেবল এবং উয়েফার মধ্যে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত একটি চুক্তি ঘোষণা করা হয়েছিল। চুক্তি অনুযায়ী এ সময়ের ভেতর লাতিন ও ইউরোর সেরা দুদল খেলবে ফিনালিস্সিমা।
ভেন্যু চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সদ্য শেষ হওয়া কোপার স্বাগতিক দেশটি ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক।
উরুগুয়ে এবং ফ্রান্সের মধ্যে ১৯৮৫ সালে প্রথম হয়েছিল ফিনালিস্সিমা। সেসময় এটি আর্টেমিও ফ্রাঞ্চি কাপ নামে পরিচিত ছিল। প্যারিসের সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। পরে ১৯৯৩ সালে মার দেল প্লাটাতে ডেনমার্ককে হারিয়েছিল আর্জেন্টিনা।








