বার্বাডোজে শিরোপামঞ্চে আগে ব্যাটে নেমে প্রোটিয়া বোলারদের তোপে চাপে পড়েছিল ভারত। অক্ষর প্যাটেলের ঝড়ো ইনিংসের পর বিরাট কোহলির ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়েছে ভারত। লক্ষ্যতাড়ায় নেমে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের তোপে শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকছে প্রোটিয়াবাহিনী।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭৬ রানে তুলেছে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ রান। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের দেয়া ১৭২ রানের লক্ষ্যতাড়ায় নেমে অস্ট্রেলিয়া ১৭৩ রানে শিরোপা জিতেছিল।
লক্ষ্যতাড়ায় নেমে শুরুতে হোঁচট খাওয়ার পর কুইন্টন ডি কক ও ত্রিস্তান স্টাবসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রোটিয়া বাহিনী। পাওয়ার প্লেতে দুই উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে দলটি। ডি কক ১৫ বলে ২০ রানে এবং স্টাবস ১১ বলে ১২ রানে ক্রিজে আছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতকে সাফল্য এনে দেন জাসপ্রীত বুমরাহ। ৫ বলে ৪ রান করা রেজা হেনড্রিক্সকে ফেরান সরাসরি বোল্ড করে। পরের ওভারে আর্শদীপ ফেরান এইডেন মার্করামকে। পান্টের হাতে ক্যাচ দেয়ার আগে করেন ৫ বলে ৪ রান।








