হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। কমিটির মেয়াদ আরও ২০ দিন বাড়ানো হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
নাসিমুল গনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি আগুন লাগার ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা প্রকৃত ঘটনা চূড়ান্ত প্রতিবেদনের পর জানানো হবে।
তিনি জানান, তুরস্কের প্রতিনিধিরা ফরেনসিক প্রতিবেদন পাঠানোর পর বিমানবন্দরের কার্গোতে আগুন লাগার ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হবে।
বৈঠকে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেন, বিমানবন্দরের মত জায়গায় এতো বড় আগুন লাগার ঘটনা যাতে পরবর্তীতে আর না ঘটে, সে ব্যাপারেও কাজ করছে এই কমিটি।







