আফ্রিকার সিংহ খ্যাত মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে ফ্রান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে যখন রণকৌশল নিয়ে দলটির ভাবার কথা, তখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের উপর ভর করেছে ভাইরাস সংক্রমণের ভয়।
ডিফেন্ডার ডাওট উপামেকানো এবং মিডফিল্ডার অ্যাদ্রিয়েন রাবিওত অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তাদেরকে দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। সেমিফাইনাল ম্যাচের আগের দিন কিংসলে কোমান জ্বরে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার উপামেকানোর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অনুশীলনে যোগ দিয়েছিলেন। তবে রাবিওত হোটেল রুমে আইসোলেশনে ছিলেন। কোচ দিদিয়ের দেশম অবশ্য আশাবাদী, ফাইনালের আগে তারা সেরে উঠবেন।
কাতারে অনেক দর্শক মধ্যপ্রাচ্যের শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বলে খবর পাওয়া গেছে। এটি ফ্লুর মতো অসুস্থতার কারণ হতে পারে। এ প্রসঙ্গে ফ্রান্সের কোচ দেশম বলেন, ‘দোহাতে তাপমাত্রা কিছুটা কমেছে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা সবসময় চালু থাকে। আমাদের কয়েকজনের ফ্লু-এর মতো উপসর্গ রয়েছে। আমরা সতর্ক থাকার চেষ্টা করছি যাতে এটি ছড়িয়ে না পড়ে। খেলোয়াড়রা মাঠে দারুণ চেষ্টা চালিয়েছে যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত না হয়।’
‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরপরই ডায়োট উপামেকানো অসুস্থ বোধ করেন। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করছি। ভাইরাস যাতে ছড়িয়ে না যায় তা নিশ্চিত করার চেষ্টা করছি।’







