২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৫৫ সদস্যের এক বিশাল প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে এই তালিকায় সবচেয়ে বড় বিস্ময় পাওলো দিবালার অনুপস্থিতি। কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম এই সদস্যকে ছাড়াই আসছে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি।
অপরদিকে স্কালোনি এবার গুরুত্ব দিয়েছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল প্রতিভাদের ওপর। ফরোয়ার্ড লাইনে পালমেইরাসের হোসে ম্যানুয়েল লোপেজ ডাক পেয়েছেন, যিনি এখনও জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন। রক্ষণে বোকা জুনিয়র্সের লৌতারো দি ললো এবং গেটাফের জায়েদ রোমেরোকে নিয়ে আসা হয়েছে বড় চমক হিসেবে।
তালিকায় দেখা গেছে রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের মতো ঘরোয়া ক্লাবের আধিক্য। গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজের নেতৃত্বে রয়েছেন জেরোনিমো রুল্লি ও মুসোর মতো পরিচিত মুখ। রক্ষণে নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর পাশে কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোর মতো নতুনদের সুযোগ দেয়া হয়েছে।
মধ্যমাঠে এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলের সঙ্গে যোগ হয়েছেন বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল ফের্নান্দেজ। ফরোয়ার্ড লাইনে মহাতারকা লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন লৌতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ। এছাড়া চেলসির আলেহান্দ্রো গারনাচো ও রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোর মতো তরুণরা আছেন স্কালোনির নজরে।
২ জুন ফিফার কাছে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। এই দিনেই ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের সব খেলোয়াড়ের নাম প্রকাশ করবে।








