এবারের বিশ্বকাপে অবশেষে ছন্দ খুঁজে পেল ব্রাজিল। প্রথম জয়ের শক্ত ভিতও গড়েছে তারা। গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে ম্যাথিয়াস কুনহার জোড়া এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিয়ে গেছে সেলেসাওরা। র্যাঙ্কিংয়ে ৮২ ধাপ পিছিয়ে থাকা দলটির বিপক্ষে গোল আনতে কিছুটা বেগ পেতে হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের। ২০ মিনিট পর বেশ ভালোভাবে প্রতিপক্ষকে চাপ দিতে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে একটি দুর্দান্ত শটে জালে বল জড়ান রাফিনহা, অফসাইডে গোলটি বাতিল হয়। ২২ মিনিটে আবারও সুযোগ পায় দলটি, হাইতি গোলরক্ষকের বিপক্ষে ওয়ান-ওয়ান পরিস্থিতি। শট নেন রাফিনহা, বারের পাশ কাটিয়ে চলে যায় বল। এরপর আরও আক্রমণাত্মক হতে থাকে ব্রাজিল। এক মিনিট পরে গোলের দেখা পায় তারা।
২৩ মিনিটে বল জালে জড়ান ম্যাথিয়াস কুনহা, এগিয়ে যায় ব্রাজিল। ৩৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে বোর্ডে তৃতীয় গোল যুক্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। এদিন বেশ ছন্দে খেলছে ব্রাজিল।







