৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে কঙ্গো। ইবোলা প্রাদুর্ভাবের কারণে ইউরোপে তিন সপ্তাহ জনসমাগম থেকে বিচ্ছিন্ন ক্যাম্পের পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দেশটির খেলোয়াড়রা। মার্কিন কর্তৃপক্ষের শর্তানুযায়ী, দলটি প্যারিস থেকে একটি নির্দিষ্ট ফ্লাইটে আয়োজক দেশে গেছে।
মার্কিন কর্তৃপক্ষের শর্তে বেলজিয়ামে ২০ দিন কোয়ারেন্টাইন পর্ব পালন করেছে কঙ্গো দল। শর্ত না মানলে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ বাতিল হতে পারত দলটির।
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপের একমাস আগে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘দলটিকে অবশ্যই বেলজিয়ামে একটি বাবলের মধ্যে থাকতে হবে। তাদের সেই সুরক্ষাবলয় বজায় রাখতে হবে। নয়ত তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এরচেয়ে স্পষ্ট করে আর কিছু বলতে পারি না।’
এর আগে কঙ্গোর কর্মকর্তারা বলেছেন, স্কোয়াডের কোন খেলোয়াড় কঙ্গো থেকে আসেননি। বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনারও পরিকল্পনা নেই।
‘কে’ গ্রুপে কঙ্গোর প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা উজবেকিস্তান, লাতিন শক্তি কলম্বিয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ১৭ জুন পর্তুগিজদের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি। ম্যাচ বাংলাদেশ সময় গড়াবে রাত ১১টায়।







