আফ্রিকাজুড়ে ইবোলা ভাইরাসের সংক্রমণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ ডিআর কঙ্গোও রোগটির প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্বকাপ সামনে রেখে কঙ্গো ফুটবল দল বর্তমানে দেশের বাইরে প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সূচি অনুযায়ী স্পেনে চিলির বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। ইবোলা সংক্রমণ নিয়ে জনস্বাস্থ্যগত শঙ্কার কারণে স্থানীয় কর্তৃপক্ষ সেটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনের লা লিনিয়া দে লা কনসেপসিওনে ৯ জুন ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো মঙ্গলবার জানান, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের অনুরোধে পূর্বসতর্কতা হিসেবে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি।
হুয়ান ফ্রাঙ্কো বলেছেন, ‘ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে সই করেছি। লা লিনিয়ার মেয়র কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের প্রধানের প্রতিবেদনে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করা আয়োজন না করার পরামর্শ দেয়া হয়েছে।’
১৯৭৪ বিশ্বকাপে জায়ারে নামে অংশ নেয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কঙ্গো। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বুধবার রাতে দলটির আরেকটি ম্যাচ খেলার কথা রয়েছে। বেলজিয়ামের লিয়েজে সেই ম্যাচে কঙ্গোর প্রতিপক্ষ ডেনমার্ক।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে কঙ্গোর প্রথম ম্যাচ ১৭ জুন, প্রতিপক্ষ পর্তুগাল, হবে হিউস্টনে। ২৩ জুন কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে খেলবে তারা।








