ম্যাচের শুরুতেই নরওয়ের আক্রমণে পরাস্ত ব্রাজিল, জালের দেখাও পায় আর্লিং হালান্ডরা। তবে অফসাইডের কারণে এগিয়ে যাওয়া হয়নি তাদের। এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ব্রাজিলেরও তবে ব্রুনো গুইমারায়েসের পেনাল্টি মিস। তাতে হতাশই হতে হয় সেলেসাওদের। শেষ অবধি গোলশূন্য সমতাতেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে জালের দেখা পায় নরওয়ে। প্যাট্রিক বার্গের দারুণ শট জড়ায় ব্রাজিল জালে। তবে আক্রমণের শুরুতে বল রিসিভ করার সময় অফসাইডে ছিলেন আলেকজান্ডার সরলোথ। তাতে বাতিল হয়ে যায় নরওয়ের গোল।
ম্যাচের দশম মিনিটে ডি বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে ম্যাথিয়াস কুনহাকে ফাউল করে বসেন ক্রিস্টোফার আয়ে। শুরুতে বাঁশি না বাজালেও, ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে পেনাল্টিতে সুযোগ হাতছাড়া করে লাতিন দেশটি। ১৪তম মিনিটে ব্রুনো গুইমারায়েসের শট নিয়েছিলন, কিছুটা ফাঁকি দিতে চেয়েছিলেন নরওয়ে গোলরক্ষককে। তবে বাম দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন ওরান নাইল্যান্ড।
৪০ মিনিটে পা দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের শট ঠেকিয়ে দেন নরওয়ে গোলরক্ষক। তাতে আরও একটি সুযোগ হারায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন আলিসন।
বক্সের বাইরে গ্যাব্রিয়েলকে পরাস্ত করে বলের নিয়ন্ত্রণ নেন হালান্ড। বের হয়ে যাওয়া বলটি বক্সের ভেতরে পান মার্টিন অডেগার্ড। জোরালো শট নিলেও দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন আলিসন। তাতে বেঁচে যায় ব্রাজিল। শেষ অবধি গোলশূন্য সমতাতে শেষ হয়েছে প্রথমার্ধের লড়াই।







