বিশ্বকাপের বাকি ১৫ দিন, এখনও চোট সারেনি নেইমারের। ইতিমধ্যে ডাক পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে। কাফ মাংসপেশির চোটে ফুলে আছে তার পা, অনিশ্চিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। তবে নেইমার বলছেন কোন সমস্যা নেই।
নেইমারের ডান পায়ের কাফের পেশি বেশ ফুলে উঠেছে। প্রাথমিকভাবে তার ক্লাব সান্তোস জানিয়েছে, সেরে উঠতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগবে। দেশটির গণমাধ্যমে খবর, ৩১ মে পানামা ও ৭ জুন মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই।
ডান পায়ের কাফে চোটে সান্তোসের শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। বুধবার জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন। মঙ্গলবার ভিলা বেলমিরোতে কোপা সৌদামেরিকানার ম্যাচে সান্তোসের কাছে দেপোর্তিভো কুয়েঙ্কা ৩-০ গোলে হারে। ম্যাচের পর পায়ের মাংসপেশি সম্পর্কে জিজ্ঞাসায় নেইমার বলেছেন, ‘এটা অক্ষত আছে।’
৩৪ বর্ষী নেইমার ১৭ মে কোরিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে ৩-০ গোলে হারের ম্যাচে খেলার সময় আহত হন। তার সর্বশেষ চোটের ধাক্কাটি বিশ্বকাপের জন্য কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে নেইমার পাল্টা প্রশ্ন করেছেন, ‘কী সমস্যা?’
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি।








