উদ্বোধনের চারদিন পেরিয়ে অবশেষে লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ডকে পাচ্ছে বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে রাতে সবার আগে নামবেন এমবাপে, খেলা ফ্রান্স-সেনেগাল। ভোরে ইরাকের বিপক্ষে নামবে হালান্ডের নরওয়ে, এবং সকালে মেসির আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে আলজেরিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ ধরে রাখার মিশনে মেসিদের শুরুতেই পরীক্ষা নেবেন রিয়াদ মাহরেজরা। বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় গোলমেশিন হালান্ড। আর টানা তৃতীয় ফাইনালে চোখ এমবাপের।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ। গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের পরীক্ষা নেবে সেনেগাল। আই গ্রুপের ম্যাচে লড়বে ২৭ বর্ষী এমবাপের ফ্রান্স। তাকে সঙ্গ দেবেন চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলে, আর জার্মান চ্যাম্পিয়ন মাইকেল ওলিসে। ফরাসিদের থেকে পয়েন্ট ছিনিয়ে আনতে মুখিয়ে আফ্রিকান শক্তি ৩৪ বর্ষী সাদিও মানের দল।
ভোরে অন্যরকম সময় হালান্ডের। প্রথমবার বিশ্বকাপে নামতে মুখিয়ে ২৫ বর্ষী ম্যানচেস্টার সিটি তারকা হালান্ড। বোস্টনের জিলেট স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে নামবেন।
সকাল ৭টায় সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আলজেরিয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নদের ভরসার নাম লিওনেল মেসি, পেশীর ক্লান্তিজনিত চোট কাটিয়ে ফিট আছেন। কোচ লিওনেল স্কালোনি ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর হয়ে সুখবরটা দিয়েছেন।








